নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই সঙ্গে শিগগিরই বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনক্রমে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী নোবিপ্রবি শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো।
জানা যায়, গত সোমবার দিনগত রাত ২টার দিকে নোবিপ্রবির আবদুল মালেক উকিল হল এবং মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের একাধিক জায়গায় ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদ্য বিলুপ্ত সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন জানান, ব্যক্তিগত বিরোধের জেরে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসের শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে।
এদিকে, গত মঙ্গলবারের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। নোবিপ্রবির সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাষা শহীদ আব্দুস সালাম হল ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের শিক্ষার্থীদের মধ্যে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
উক্ত তদন্ত কমিটিতে নোবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিনকে আহ্বায়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামানকে সদস্য করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমানকে কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!