বলিউড অভিনেতা অক্ষয় কুমারের অভিনয় ছাড়ার গুঞ্জন বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় ভাসছিল। সম্প্রতি মুক্তি পাওয়া প্রিয়দর্শন পরিচালিত ‘ভূত বাংলা’ সিনেমাটি বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পর এই গুঞ্জন আরও ডালপালা মেলে। তবে সত্যিই কি অভিনয়কে বিদায় জানাচ্ছেন তিনি? এমন প্রশ্নের মুখে এবার নিজের স্বভাবসুলভ রসিকতায় মুখ খুললেন স্বয়ং অভিনেতা।
সম্প্রতি তাঁর আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর ঝলক প্রকাশ (Glimpse Launch) অনুষ্ঠানে হাজির হয়ে অবসরের প্রসঙ্গে খোলামেলা কথা বলেন অক্ষয় কুমার। তিনি স্বীকার করেন যে অবসরের চিন্তা তাঁর মাথায় আসে, তবে তার স্থায়ীত্ব মাত্র কয়েক সেকেন্ড।
অক্ষয় কুমার রসিকতা করে বলেন:
‘ভোরে যখন ঘুম থেকে উঠি, তখন মাঝে মাঝে এই চিন্তা মাথায় আসে। কিন্তু ঠিক পাঁচ সেকেন্ডের মধ্যেই মনে পড়ে যায় যে, আমাকে শুটিংয়ে যেতে হবে। সেটে ৩০০ জন মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তাই চিন্তাটা মাত্র পাঁচ সেকেন্ডই স্থায়ী হয়। তখন ভাবি, ধুর! কালকে অবসর নেব। পরদিন আবার ভোরে ঘুম থেকে উঠে একই ঘটনা ঘটে। এভাবেই জীবনের ৩৬টি বছর কেটে গেল।’
অবসরের ভাবনা এলেও কেন তিনি নিজেকে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে গুটিয়ে নেন না, তার পেছনে এক মজার মনস্তত্ত্ব তুলে ধরেন ৫৮ বছর বয়সী এই তারকা। তিনি জানান, অবসরের পর ঘরে অলস বসে থাকার চেয়ে শুটিং সেটের ব্যস্ততাই তাঁর কাছে বেশি পছন্দের।
অক্ষয়ের কথায়, "আমি অবসর নিলে কী হবে? বাড়িতে বসে আমাকে ইলেকট্রিশিয়ানের কাজ করতে হবে, কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে হবে, নয়তো বাগানের কাজ করতে হবে। বাড়ির সব কাজই আমার ঘাড়ের ওপর এসে পড়বে। তার চেয়ে শুটিং সেটে যাওয়াই অনেক ভালো। আমি অবসর নেব না, সেটাই সবার জন্য মঙ্গল।"
অক্ষয় কুমারের এমন মন্তব্যের পর তাঁর ভক্তদের মন থেকে দুশ্চিন্তার মেঘ কেটে গেছে। ৩৬ বছর ধরে রূপালি পর্দা কাঁপানো এই অভিনেতা যে এখনই থামছেন না, বরং আরও নতুন নতুন প্রজেক্ট নিয়ে দর্শকদের বিনোদন দিতে প্রস্তুত, তা তাঁর এই বক্তব্যেই স্পষ্ট।








মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!