আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য লংমার্চ ও লালদিঘী সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের নেতারা।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সিএমপি কমিশনারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মহানগর শাখার সহকারী সেক্রেটারি ফয়সল মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল সিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে সমাবেশকে কেন্দ্র করে নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং কর্মসূচিতে অংশগ্রহণকারী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় নেতারা সমাবেশটি অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান এবং কোতোয়ালী থানা সেক্রেটারি মোস্তাক আহমদ।
অন্যদিকে, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীর সঙ্গে বৈঠকে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সল আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, ডিসি (দক্ষিণ) হাবিবুর রহমান, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস এবং ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতারা জানান, বৈঠকে সিএমপি কমিশনার নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন। আলোচনা শেষে আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচি একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও নিবিড় সমন্বয় বজায় রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!