চট্টগ্রাম নগরের দামপাড়ায় পুলিশ কমিশনার কার্যালয়ের ঠিক সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় ২০ থেকে ২৫ জন তরুণ ও যুবক এই মিছিলে অংশ নেন। মিছিলটি দামপাড়া পুলিশ লাইনের সামনে দিয়ে দ্রুত অতিক্রম করে চলে যায়, যা মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মিছিলের সামনে থাকা ব্যানারে লেখা ছিল ‘দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতি- বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর’।
উল্লেখ্য, দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারসহ পুলিশের শীর্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ কার্যালয় ও কঠোর নিরাপত্তাবেষ্টিত স্থাপনা অবস্থিত। পুলিশ কমিশনার কার্যালয়ের মতো অত্যন্ত সুরক্ষিত একটি এলাকার সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে প্রকাশ্যে এই মিছিল হওয়ার ঘটনায় পুলিশের অভ্যন্তরীণ মহলেও আলোচনার সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য যাচাই করে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মিছিলটি ঠিক কোথা থেকে শুরু হয়েছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন জানান, ৫ সেকেন্ডের জন্য তারা মিছিলটি করেছে। এই ঘটনায় এখনো কাউকে আটক করা না গেলেও আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
এর আগেও চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের এ ধরনের আকস্মিক বা ঝটিকা মিছিল করার খবর পাওয়া গিয়েছিল, যেখানে অল্পসংখ্যক নেতাকর্মী অল্প সময়ের জন্য উপস্থিত হয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!