নরসিংদী জেলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। জেলাটিতে একটি নতুন সরকারি মেডিকেল কলেজ নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
আজ রোববার (১৪ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
নরসিংদীতে নতুন এই মেডিকেল কলেজের অনুমোদনের পর দেশে বর্তমানে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা দাঁড়াল ৩৯টি। এর আগে গত ১৪ মে ঠাকুরগাঁওয়ে দেশের ৩৮তম সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছিল সরকার।স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, নতুন দুটিসহ বর্তমানে দেশে মোট সরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৩৯টি এবং বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে ৬৭টি।প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় নরসিংদী জেলায় ‘নরসিংদী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।এছাড়া, চলতি বছরের গত ১ জানুয়ারি মুন্সিগঞ্জে আরও একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল, যা বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সেই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও মেডিকেল কলেজের পর নরসিংদী মেডিকেল কলেজ দেশের ৩৯তম সরকারি মেডিকেল কলেজ হিসেবে স্বীকৃতি পেল।এছাড়াও, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি এবং নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এই বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এর বাইরে রাজধানী ঢাকায় অবস্থিত ‘আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ’ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি মেডিকেল কলেজ হলেও এটিও বিইউপির অধিভুক্ত হয়ে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।নরসিংদীতে নতুন এই সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ফলে অঞ্চলের সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সন্তানদের চিকিৎসাবিজ্ঞান পড়ার সুযোগ যেমন বাড়বে, তেমনি জেলা ও আশেপাশের অঞ্চলের সামগ্রিক স্বাস্থ্যসেবার মান বহুগুণ উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।








মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!