চেয়ারম্যান নিয়োগকে ঘিরে তৈরি হওয়া আস্থার সংকট, গ্রাহকদের ব্যাপক আমানত উত্তোলন এবং তীব্র তারল্য সংকটে পড়া ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু
আজ রোববার (১৪ জুন) বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি শুরু 

হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি নানা গুঞ্জন ও আস্থার সংকটের কারণে গ্রাহকদের মধ্যে ব্যাপক হারে আমানত উত্তোলনের প্রবণতা দেখা দেয়। ফলে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইসলামী ব্যাংক তীব্র তারল্য চাপে পড়ে। এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে এবং ব্যাংকের আর্থিক ভারসাম্য বজায় রাখতে এরই মধ্যে ব্যাংকটিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জরুরি এই বৈঠকে ইসলামী ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)। এছাড়া তার সাথে উপস্থিত ছিলেন দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি)।
বৈঠকে সভাপতিত্ব করছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। এতে ইসলামী ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত থেকে ব্যাংকের বর্তমান আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরেন।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা চলমান তারল্য পরিস্থিতি, গ্রাহকদের আমানত উত্তোলনের ফলে ব্যাংকে পড়া প্রভাব এবং সাম্প্রতিক চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত জটিলতার ঘটনাবলি সম্পর্কে গভর্নর মোস্তাকুর রহমানকে বিস্তারিত অবহিত করেছেন। একই সঙ্গে ব্যাংকের ওপর গ্রাহকদের আস্থা ফিরিয়ে এনে এই সংকট কাটিয়ে উঠতে কী কী সম্ভাব্য আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়েও দীর্ঘ আলোচনা হয়।
ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং সাধারণ আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের সার্বিক কার্যক্রমের ওপর কড়া নজরদারি রাখছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।