ঢাকার ধামরাই উপজেলার ধানতারা-পারাগ্রাম সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অবশেষে সেই ভোগান্তির অবসান ঘটতে শুরু করেছে। সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। ফলে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যানবাহন চালকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে হলেও প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হতো।

এছাড়া সড়কের বেহাল অবস্থার কারণে স্বল্প দূরত্বের পথ অতিক্রম করতেও যাত্রীদের স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণের বেশি সময় ব্যয় করতে হতো। এতে শিক্ষার্থী, চাকরিজীবী ও স্থানীয় ব্যবসায়ীদের দৈনন্দিন কাজে ব্যাপক বিঘ্ন ঘটত।

তবে বর্তমানে সড়কটির সংস্কার কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ ও সহজ হবে।

জানা গেছে, এর আগে সড়কটির পারাগ্রাম থেকে আবুল বাশার কৃষি কলেজ হয়ে আরো কিছু অংশের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছিল। বর্তমানে অবশিষ্ট অংশের সংস্কার কাজ চলমান রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।