দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ১৭ জুন (বুধবার) থেকে হিজরি নতুন বছর এবং মহররম মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ জুন (শুক্রবার) দেশব্যাপী পবিত্র আশুরা পালিত হবে।
মহররম মাসের চাঁদ দেখা সম্পর্কে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখা কমিটি। সব তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।
আশুরা ইসলামের ইতিহাসে অত্যন্ত ঘটনাবহুল ও তাৎপর্যপূর্ণ একটি দিন। সৃষ্টিজগতের শুরু থেকে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই ১০ই মহররম। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী: মহান আল্লাহ তায়ালা এই দিনেই আরশ, কুরসি, লওহ, কলম, আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই দিনেই প্রথম মানব হযরত আদম (আ.)-কে সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে এই দিনেই তাঁকে পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি নির্বাচিত করা হয়। মহাপ্লাবনের পর এই দিনে হযরত নুহ (আ.)-এর কিশতি (নৌকা) জুদি পাহাড়ে এসে ভিড়েছিল। আশুরার দিনই জালিম ফেরাউনের কবল থেকে হযরত মুসা (আ.) ও বনি ইসরাইল জাতিকে রক্ষা করেছিলেন মহান আল্লাহ।
পবিত্র আশুরার দিনটি মুসলিম বিশ্বে সবচেয়ে বেশি স্মরণীয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের কারণে। ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবার ও অনুসারীদের নির্মমভাবে শহীদ করার হৃদয়বিদারক ঘটনাটি এই দিনেই ঘটেছিল।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।
অন্যায় ও অসত্যের বিরুদ্ধে লড়াইয়ের এই শোকাবহ স্মৃতি স্মরণে প্রতিবছর বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মর্যাদার মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়ে থাকে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!