চট্টগ্রামের বাঁশখালীতে চেকপোস্টে পুলিশের থামার সংকেত অমান্য করে পালানোর সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। একইসঙ্গে মোটরসাইকেল আরোহীদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
গত বুধবার (১৭ জুন) দুপুরে বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রিজসংলগ্ন পুলিশ চেকপোস্টে ঘটনাটির সূত্রপাত হয়। পরে চেকপোস্ট থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিহত যুবকের নাম শহীদ (৩২)। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা এলাকার বাসিন্দা। আহত যুবকের নাম আরিফ আবদুল্লাহ (২৫), তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী এলাকার বাসিন্দা। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ফুটখালী ব্রিজসংলগ্ন চেকপোস্টে দায়িত্ব পালনকালে বাঁশখালী থানার এসআই জামাল হোসেন, কনস্টেবল ওয়াসিম ও কনস্টেবল রাসেল একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেন। তবে আরোহীরা সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এসআই জামাল হোসেন জানান, পালানোর সময় মোটরসাইকেল আরোহীরা একটি কমলা রঙের ব্যাগ রাস্তায় ফেলে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির পিছু নেওয়া হলেও দ্রুত গতির কারণে কিছুদূর যাওয়ার পর সেটি পুলিশের দৃষ্টির আড়ালে চলে যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আরোহীরা দ্রুত গতিতে পালানোর সময় গন্ডামারা ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় একটি স্পিডব্রেকার বা আইল্যান্ডে ধাক্কা খেয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শহীদের মৃত্যু হয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, চেকপোস্টে ফেলে যাওয়া ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক পাচার ও সরকারি কাজে বাধা দেওয়ার এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!