বেসামরিক জনগণের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা এবং রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আরও কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্প‌তিবার (১৮ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘২০২৬ ইকোসক হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্ট’ (ECOSOC Humanitarian Affairs Segment)-এর উচ্চপর্যায়ের এক প্যানেল আলোচনায় বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।

বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতকরণ, নতুন সংঘাত প্রতিরোধে অধিক বিনিয়োগ এবং মানবিক সহায়তা, শান্তি ও উন্নয়ন কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি বর্তমান বিশ্বে নারী ও কিশোরীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান প্রযুক্তিনির্ভর হয়রানি ও অপব্যবহারের বিষয়টি বিশ্বমঞ্চে তুলে ধরেন। এ ধরনের সাইবার ও ডিজিটাল হুমকি মোকাবিলায় একটি সমন্বিত বৈশ্বিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈশ্বিক তহবিল সংকটের কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও কিশোরীদের ওপর চলমান নেতিবাচক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি রোহিঙ্গা সংকটের একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধানে আন্তর্জাতিক অংশীদারদের আর্থিক ও নীতিগত সহযোগিতা চলমান রাখার ওপর জোর দেন এবং রোহিঙ্গাদের তাদের নিজ মাতৃভূমি মিয়ানমারে দ্রুত ও সসম্মানে প্রত্যাবর্তনের পরিবেশ সৃষ্টির তাগিদ দেন।

জাতিসংঘের এই উচ্চপর্যায়ের অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ভিয়েতনামের উপ-পররাষ্ট্রমন্ত্রী নগুয়েন মিন ভুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। বৈঠকে উভয় পক্ষ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, দ্বিপাক্ষিক বাণিজ্য এবং বহুপাক্ষিক কূটনৈতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ মতবিনিময় করেন।