রাজধানীর উত্তরখানে একটি বাড়িতে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

আজ শনিবার (৬ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে উত্তরখান থানাধীন দুবাদিয়া করাইটেক এলাকার একটি বসতবাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—বাড়ির মালিক আলী হোসেন (৫৫), তাঁর স্ত্রী হাসনা হেনা (৪৫) এবং তাঁদের মেয়ে আঁখি (২৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুবাদিয়া করাইটেক এলাকার বাসিন্দা আলী হোসেনের বাড়িতে রাতে তিতাস গ্যাসের লাইনের লিকেজ থেকে ঘরের ভেতর গ্যাস জমা হয়। সকালে আলী হোসেনের স্ত্রী হাসনা হেনা রান্না করার জন্য আগুন জ্বালালে মুহূর্তের মধ্যে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ঘরের আসবাবপত্র, লেপ-তোশক ও বালিশসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একই সাথে ঘরে থাকা আলী হোসেন, তাঁর স্ত্রী ও মেয়ে আগুনে গুরুতর দগ্ধ হন।

পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


উত্তরখান থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।