কে বলবে বয়সটা ৩৮! এই বয়সেও মাঠের সবুজ ঘাসে একের পর এক মহাকাব্য লিখে চলেছেন লিওনেল মেসি। চলতি ২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২-০ গোলের জয় এনে দেওয়ার পাশাপাশি দলকে নকআউট পর্বে তুলতে জোড়া গোল করেছেন এলএমটেন। এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ২৮তম ম্যাচে মাঠে নেমে টুর্নামেন্টের সর্বকালের শীর্ষ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। প্রথম দুই ম্যাচেই পাঁচ গোল এবং বিশ্বকাপে মোট ১৮ গোলের নতুন এক ইতিহাস গড়ে ফুটবল বিশ্বকে আবারও ‘বাকরুদ্ধ’ করে দিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
অস্ট্রিয়ার বিপক্ষে আলবিসেলেস্তেদের ২-০ গোলের জয়ের রাতে চারটি অনন্য বিশ্বকাপ রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি, যেগুলোকে ইতোমধ্যে অফিশিয়াল স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুক। রেকর্ড চারটি নিচে তুলে ধরা হলো:
১. বিশ্বকাপে সর্বোচ্চ ১৮ গোল
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এর মাধ্যমে তিনি জার্মান কিংবদন্তি স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার করা ১৬ গোলের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে এককভাবে চূড়ায় উঠে এসেছেন। একই সঙ্গে নারী ও পুরুষ ফুটবল মিলিয়ে বিশ্বকাপে সর্বাধিক ১৭ গোল করা ব্রাজিলিয়ান নারী ফুটবল কিংবদন্তি মার্তাকেও টপকে গেছেন মেসি।
২. বিশ্বকাপের মঞ্চে ১৮তম জয়
অস্ট্রিয়ার বিপক্ষে এই জয়টি ছিল বিশ্বকাপের মঞ্চে মেসির ক্যারিয়ারের ১৮তম জয়। এর আগে বিশ্বকাপে সর্বাধিক ১৭টি ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে শীর্ষে অবস্থান করছিলেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা। ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে মোট ছয়টি বিশ্বকাপে অংশ নিয়ে মেসি এই অভাবনীয় মাইলফলক স্পর্শ করলেন।
৩. সর্বোচ্চ ২৮ ম্যাচ খেলার কীর্তি
২০০৬ সালে জার্মানি বিশ্বকাপে অভিষেকের পর থেকে আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপে মেসির ম্যাচসংখ্যা দাঁড়িয়েছে মোট ২৮-এ। কাতার বিশ্বকাপের ফাইনালেই তিনি জার্মানির লোথার ম্যাথিউসের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন। এবারের আসরে আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমে সেই রেকর্ডকে তিনি আরও উঁচুতে নিয়ে গেলেন, যা ভাঙা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশ কঠিন হবে।
৪. ২,৪৮৯ মিনিট খেলার অনন্য রেকর্ড
অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ জুড়েই মাঠে ছিলেন মেসি। আর তাতেই বিশ্বকাপে তার মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিট। এর আগে কাতার ২০২২ বিশ্বকাপের ফাইনালেই তিনি ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ডটি ভেঙেছিলেন। এবার সেই ব্যবধানকে আরও বাড়িয়ে নিলেন ফুটবল জাদুকর।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!