"নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ জুন শনিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাস প্রাঙ্গণে এসে আলোচনা সভায় মিলিত হয়।

১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন:

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উজ্জ্বল বৈরাগী, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (RMO) ডা. সজীব কান্তি পাল প্রমুখ।

এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যককে নিজ নিজ বাড়ি, আঙিনা, অফিস-আদালত ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। লার্ভা যেন জমতে না পারে সেদিকে খেয়াল রাখা জরুরি। বিভিন্ন প্রচার মাধ্যমের সাহায্যে এই সচেতনতা আরও জোরালো করার ওপর তারা জোর দেন।

হাসপাতালের সার্বিক পরিস্থিতি তুলে ধরে ডাঃ মোহাম্মদ সাইদুর রহমান জানান, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত মোট ৪০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো এবং জনসচেতনতা বৃদ্ধি করতে পারলে ডেঙ্গুর প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব।