কুয়েতে অসুস্থ ও তীব্র মানবিক সংকটে পড়া তিন বাংলাদেশি নাগরিককে প্রয়োজনীয় সব ধরনের আইনি ও লজিস্টিক সহায়তা দিয়ে দেশে ফিরিয়ে এনেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার (২৩ জুন) তারা নিরাপদে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।
কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বিভিন্ন কারণে অসুস্থ ও চরম মানবিক সংকটের মুখে পড়েছিলেন তিন প্রবাসী বাংলাদেশি— তছিরন বিবি, সানজিদা আক্তার এবং মো. ইসমাইল। বিষয়টি দূতাবাসের নজরে আসার পর দ্রুত তাদের উদ্ধারে প্রয়োজনীয় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়।
দূতাবাসের সার্বিক উদ্যোগে আইনি জটিলতা নিরসন ও টিকিটের ব্যবস্থা করার পর তারা ২৩ জুন কুয়েত সময় অনুযায়ী ‘জাজিরা এয়ারওয়েজ’-এর ফ্লাইট নং জে৯ ৫৩১ (J9 531) যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। প্রবাসীদের বিদায় জানাতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দূতাবাসের একজন বিশেষ প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং তিনি তাদের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করেন।
দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েতে অবস্থানরত যেকোনো বাংলাদেশি নাগরিক বিপদে বা সংকটে পড়লে দূতাবাস সর্বদা সেবা দিতে প্রস্তুত। এই তিন প্রবাসীর নিরাপদে দেশে প্রত্যাবর্তন তারই একটি অংশ। দেশে ফিরে আসতে পেরে তিন প্রবাসী কর্মী এবং তাদের পরিবার বাংলাদেশ দূতাবাসের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!