অস্ট্রেলিয়া সফর শেষ হতে না হতেই বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে ইতোমধ্যে প্রথম বহর সেখানে পৌঁছে গেছে।
আজ বুধবার (২৪ জুন) টাইগারদের দ্বিতীয় বহরও জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হবে। তবে এই জিম্বাবুয়ে সফরের টেস্ট ম্যাচ থেকে বিশ্রামে রয়েছেন তারকা পেসার তাসকিন আহমেদ।
আর এই ছুটির মাঝেই গতকাল (মঙ্গলবার) ‘জেডি স্পোর্টস’-এর একটি আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তাসকিন। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও।
অনুষ্ঠানে তাসকিনের ক্রিকেটের বাইরের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে প্রধান কোচ ফিল সিমন্স বলেন, ‘ক্রিকেটের বাইরে তাসকিনের এমন পদক্ষেপ ও এগিয়ে আসা দেখে আমি সত্যিই খুব খুশি। তবে মাঠের ক্রিকেটে বাংলাদেশের জন্য তার দেওয়ার মতো এখনও অনেক কিছু বাকি আছে।’
অনুষ্ঠানে নিজের শৈশবের ক্রিকেট ক্যারিয়ার শুরুর গল্প মনে করিয়ে দিয়ে তাসকিন আহমেদ বলেন, ‘আমি হঠাৎ করে টেপ ক্রিকেটে আসিনি। টেপ ক্রিকেট দিয়েই তো আমার ক্রিকেটের হাতেখড়ি হয়েছিল। শুধু আমি না, বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারই টেপ ক্রিকেট দিয়ে শুরু করেছে, এরপর আস্তে আস্তে ক্রিকেট বলে এসেছে। আমি ছোটবেলা থেকে অনেক টেপ টেনিস খেলতাম এবং ছোট থেকেই বেশ জোরে বল করতে পারতাম।’

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!