ফিটনেস সনদবিহীন, ঝুঁকিপূর্ণ বা পরিবেশ দূষণকারী কোনো মোটরযান সড়ক ও মহাসড়কে চালানো থেকে বিরত থাকার কড়া আহ্বান জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এই নির্দেশনা অমান্য করে সড়কে গাড়ি নামালে সংশ্লিষ্ট মালিক ও চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে রাষ্ট্রীয় এই সংস্থাটি।
আজ বুধবার (২৪ জুন) গণমাধ্যমে প্রকাশিত বিআরটিএর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিআরটিএর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫(১) অনুযায়ী— ফিটনেসের অনুপযোগী, ঝুঁকিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত, রংচটা, জরাজীর্ণ, বিবর্ণ কিংবা পরিবেশ দূষণকারী কোনো মোটরযান কোনো অবস্থাতেই সড়ক বা মহাসড়কে চালানো যাবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের ত্রুটিপূর্ণ বা ফিটনেসবিহীন মোটরযান সড়ক কিংবা মহাসড়কে চালানো সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৭৫ অনুযায়ী একটি গুরুতর এবং শাস্তিযোগ্য অপরাধ।
তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা এড়াতে দেশের সব মোটরযান মালিক ও চালককে তাদের যানবাহনের হালনাগাদ ফিটনেস সনদ নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। সনদ ছাড়া কোনো যানবাহন সড়কে না চালানোর জন্য বিআরটিএর পক্ষ থেকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
বিআরটিএ সাফ জানিয়ে দিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা অমান্য করলে দায়ীদের বিরুদ্ধে কোনো প্রকার ছাড় না দিয়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!