দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।

আজ বুধবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৬৮৯ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মৃত্যুর বিস্তারিত হিসাব নিচে দেওয়া হলো: হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু: ৫৯৬টি শিশু। নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যু: ৯৩টি শিশু। সর্বমোট প্রাণহানি (হাম ও উপসর্গসহ): ৬৮৯টি শিশু। 

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১০৮৯ জনের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের শরীরে এবং বাকি ৯৯৬ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

চিকিৎসা সংক্রান্ত তথ্যে জানা যায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৯ হাজার ৬৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ইতোমধ্যে ৭৫ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।