টাঙ্গাইলের মধুপুরে ৬ ও ৭ বছর বয়সী দুই শিশুকে বলাৎকার চেষ্টার মামলায় একটি মসজিদের মোয়াজ্জিনকে গ্রেফতার করেছে মধুপুর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোয়াজ্জিনের নাম হাফেজ আবু রাশেদ (৩৫)। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বইলাজান গ্রামের মো. আবুল কাশেমের ছেলে এবং মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন হিসেবে কর্মরত ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন শুক্রবার ভুক্তভোগী দুই শিশুকে তাদের পরিবার জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যেতে বললে তারা অনীহা প্রকাশ করে। কারণ জানতে চাইলে শিশুরা তাদের বাবা-মাকে জানায়, মসজিদে গেলে মোয়াজ্জিন হুজুর তাদের দোতলার রুমে ডেকে নিয়ে যান এবং প্যান্ট খুলে বলাৎকারের চেষ্টা করেন।

শিশুদের মুখে এমন কথা শোনার পর পরিবার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানান। পরে শুক্রবার সন্ধ্যার পর মোটের বাজার বণিক সমিতিতে এই নিয়ে একটি সালিশ বৈঠক বসে। ঘটনার বিবরণ শুনে স্থানীয়রা উত্তেজিত হয়ে উঠলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধুপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত মোয়াজ্জিনকে আটক করে থানায় নিয়ে যায়।

মোটের বাজার এলাকার বাসিন্দা সীমা আক্তার (৪০) জানান, মসজিদের পাশেই ওই দুই শিশুর বাসা। নামাজ পড়তে গেলে মোয়াজ্জিন প্রায়ই তাদের কৌশলে দোতলার রুমে ডেকে নিয়ে যেতেন এবং সেখানে তাদের বলাৎকারের চেষ্টা করতেন। ভয়ে শিশুরা আর নামাজেই যেতে চাচ্ছিল না। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "অভিযুক্ত মোয়াজ্জিনকে আটকে রেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ ৬ জুন শনিবার আইনি প্রক্রিয়া শেষে আসামিকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।"