নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। দীর্ঘ ২১ ঘণ্টা চেষ্টার পর বুধবার (২৪ জুন) রাত ১টার দিকে তাদেরকে পুনরায় ভারতে ফিরিয়ে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলার সংলগ্ন উত্তর পাতাড়ি এলাকা দিয়ে বিএসএফ ওই ৯ জনকে পুশইন করার চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিজিবি টানা ২১ ঘণ্টা সীমান্ত এলাকায় কড়া পাহারা বসায়, যার ফলে অনুপ্রবেশের চেষ্টা সফল হয়নি।

বিজিবির অধিনায়ক জানান, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পুশইনের চেষ্টা থেকে সরে আসতে বাধ্য হয়। রাতের আঁধারে বিএসএফ লাইট বন্ধ করে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে যায়। ভোরের আলো ফোটার পর সীমান্ত এলাকায় আর কাউকে দেখা যায়নি।

সীমান্তের ওই এলাকায় বর্তমানে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন তিনি।