যশোর আদালতের বারান্দায় মামলার শুনানি শেষে নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হওয়ায় বাদী ও বিবাদী পক্ষের ৪ জনকে ৭ দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নিজাম শেখ, যশোর শহরের শংকরপুরের মৃত আজিজ শেখের ছেলে (বিবাদী পক্ষ)। মিজানুর রহমান,  মনিরামপুরের কমলপুর গ্রামের মৃত বেলায়েত গাজীর ছেলে (বিবাদী পক্ষ)। ইরান গাজী, একই উপজেলার পেঁড়ডাঙ্গা গ্রামের খোকন গাজীর ছেলে (বিবাদী পক্ষ)। জাকারিয়া, মনিরামপুরের কুলিপাশা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে (বাদী পক্ষ)।

আদালত সূত্রে জানা গেছে, বুধবার মনিরামপুরের কুলিপাশা গ্রামের জাকারিয়া সিআর-১০১/২৪ মামলার বাদী হিসেবে আদালতে উপস্থিত হন। একই মামলায় বিবাদী হিসেবে হাজির হন অন্য তিনজন। এজলাসে মামলার চার্জ (অভিযোগ) শুনানি শেষ হওয়ার পরপরই উভয় পক্ষ আদালতের বারান্দায় গিয়ে তীব্র বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়।

আটকের পর পুলিশ তাদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখায়। কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিনেশ ঘোষ ঘটনা তদন্ত করে চারজনকেই অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন।

বুধবার (২৪ জুন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এই আদেশ দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রাঙ্গণে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তাৎক্ষণিকভাবে বিচারকের নজরে এলে তিনি পুলিশকে নির্দেশ দিয়ে ওই চারজনকে আটক করেন এবং কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করেন।

বিচারক প্রতিবেদন পর্যালোচনা করে আদালতের পবিত্রতা ও শান্তি ভঙ্গের দায়ে সিআর মামলার বাদী ও বিবাদী—উভয় পক্ষের চারজনকেই ৭ দিন করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের বারান্দায় মারামারির ঘটনায় বিচারক তাৎক্ষণিক দৃষ্টান্তমূলক এই সাজা প্রদান করেছেন।