পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আজ রাতে টানা ১০ ঘণ্টা দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (৬ জুন) সন্ধ্যায় এক জরুরি বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাসের বার্তায় বলা হয়, উচ্চ চাপ বিশিষ্ট গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের জন্য আজ শনিবার রাত ৮টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা অর্থাৎ রবিবার সকাল ৬টা পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী ও বরপা, ভুলতা মোড় এলাকা, মুড়াপাড়া ডিআরএস (DRS)-এর আওতাধীন সব এলাকা, লক্ষণখোলা ডিআরএস (DRS)-এর আওতাধীন সব এলাকা

বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মেরামত কাজের জন্য উল্লিখিত এলাকাগুলোতে সব শ্রেণির গ্রাহকের (আবাসিক, বাণিজ্যিক ও শিল্প) গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে অথবা গ্যাসের চাপ স্বল্পতা বিরাজ করতে পারে।

গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।