স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। স্বাস্থ্যখাতকে সম্পূর্ণভাবে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত করতে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবায় দালালচক্র ও দুর্নীতি রোধে ডিজিটালাইজেশনের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে প্রতিটি স্তরে ডিজিটাল পদ্ধতি কার্যকর করা হচ্ছে। এছাড়া কেন্দ্রীয়ভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম’ আধুনিকায়ন করা হয়েছে।

টেলিমেডিসিন সেবার পরিধি সম্প্রসারণের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, এর ফলে রোগীদের হয়রানি কমেছে এবং সাধারণ মানুষ এখন সহজেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারছেন। হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করতে শক্তিশালী তদারকি কমিটি গঠন করা হয়েছে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওষুধের মূল্য নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, অতি মুনাফালোভী চক্রকে নিয়ন্ত্রণে আনতে নীতিমালা সংশোধনের কাজ চলমান। এছাড়া প্রতিটি নাগরিকের জন্য পর্যায়ক্রমে স্বাস্থ্য কার্ড বা সমন্বিত স্বাস্থ্য ডাটাবেজ তৈরির কার্যক্রম এগিয়ে চলছে, যা দ্রুত ও ঝামেলামুক্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে। স্বাস্থ্যকেন্দ্রগুলো দালালমুক্ত রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।