ঢাকার ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বেলীশ্বর এলাকায় অবস্থিত একটি অনুমোদনহীন ব্যাটারি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত অনুমোদনসহ প্রয়োজনীয় নথিপত্র না থাকায় এ দণ্ডাদেশ দেওয়া হয়।
শনিবার (৬ জুন) বিকেলে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় পরিবেশগত ছাড়পত্র (ইসিএ) ও অন্যান্য আইনগত অনুমোদন ছাড়াই অবৈধভাবে তাদের উৎপাদন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
একই সঙ্গে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য কারখানা কর্তৃপক্ষকে আগামী এক মাস সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে পরবর্তীকালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!