বাংলাদেশে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর হাইজিন নিশ্চিতকরণে কাজ করা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘ওয়াটারএইড বাংলাদেশ’ তাদের দীর্ঘ চার দশকের পথচলার মাইলফলক উদযাপন শুরু করেছে। সম্প্রতি একটি বিশেষ স্মারক লোগো উন্মোচনের মাধ্যমে সংস্থাটি বছরব্যাপী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেছে।

আয়োজিত এই অনুষ্ঠানে ওয়াটারএইডের দক্ষিণ এশীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, বর্তমান ও সাবেক কর্মী এবং শুভানুধ্যায়ীরা সরাসরি ও ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, নেপালের কান্ট্রি ডিরেক্টর সুদর্শন নেওপানে এবং পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ জুনাইদ

গত ৪০ বছর ধরে ওয়াটারএইড বাংলাদেশ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) সেবায় নিরলস কাজ করে যাচ্ছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সেবার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জনবান্ধব নীতি প্রণয়নে সহায়তা এবং জলবায়ু-সহনশীল ওয়াশ সেবা প্রসারে সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম বলেন, "এই উদযাপন কৃতজ্ঞতা, আত্মবিশ্লেষণ ও নতুন অঙ্গীকারের এক বিশেষ মুহূর্ত।"

কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান বলেন, "ওয়াটারএইড বাংলাদেশের ৪০ বছরের পথচলা দেখিয়েছে যে, ধারাবাহিক অঙ্গীকার ও জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে। বিশেষ করে নারী, যুব ও প্রতিবন্ধী ব্যক্তিসহ প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ আমাদের কাজকে আরও মানবিক ও প্রাসঙ্গিক করেছে।"

৪০ বছর পূর্তি উপলক্ষে সংস্থাটি বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও সম্পৃক্ততামূলক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে। এসব কর্মসূচির মাধ্যমে বিগত দিনের অর্জন উদযাপন, দীর্ঘদিনের অংশীদারদের সম্মান জানানো এবং সবার জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করার নতুন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।