কুমিল্লায় মাদক কারবারিদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইথান আহমেদ প্রেম (১২) নামের এক স্কুলছাত্র গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মো. শ্রাবণ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় স্কুলছাত্রের বাবা ইউনুস মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তারকৃত শ্রাবণ কুমিল্লা নগরীর কাটাবিল এলাকার বাসিন্দা।
শুক্রবার (২৬ জুন) দুপুরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে কাটাবিল এলাকা থেকে শ্রাবণকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে নগরীর কাটাবিল এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের সংঘর্ষের সময় ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ইথান আহমেদ প্রেম গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন।
এদিকে, ঘটনার রাতে গুলিবিদ্ধ শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। এসময় তিনি কোতোয়ালি মডেল থানার ওসিকে ঘটনায় জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার জন্য কঠোর নির্দেশনা দেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!