আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে চলমান বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় শামিল হতে নিউ ইয়র্কে পৌঁছেছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। শনিবার (২৭ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি নিউ ইয়র্কে এসে পৌঁছান।

জামাল ভূঁইয়ার আগমন উপলক্ষে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আগামীকাল (রবিবার) দুপুরে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে ভক্তরা বাংলাদেশ অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ ও ছবি তোলার সুযোগ পাবেন। জামাল ভূঁইয়ার এই নিউ ইয়র্ক সফরের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে ‘গেমপ্লিফাই’।

জামাল ভূঁইয়ার সঙ্গে সময় কাটানোর জন্য গত তিন দিন ধরে জ্যাকসন হাইটসে চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আয়োজক প্রতিষ্ঠান গেমপ্লিফাইয়ের কর্মকর্তা মুরাদ জানান, ১৪০ ডলার রেজিস্ট্রেশন ফি দিয়ে যারা নাম লিখিয়েছেন, তারা উপহার হিসেবে একটি জার্সি পাবেন। পাশাপাশি দুপুরে লাঞ্চ এবং অধিনায়কের সঙ্গে ছবি তোলার সুযোগ থাকবে।

নিউ ইয়র্কে নিজের অবস্থানকালে জামাল ভূঁইয়া প্রবাসীদের সঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের বিভিন্ন ম্যাচ উপভোগ করবেন। জানা গেছে, জামাল ভূঁইয়া ছাড়াও বাংলাদেশ জাতীয় দলে খেলা সম্প্রতি আরও কয়েকজন ফুটবলার বিশ্বকাপ উপলক্ষ্যে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন।