লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনায় গণপিটুনিতে নিহত অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারের (২৮) মরদেহ তার স্বজনরা গ্রহণ করতে অস্বীকৃতি জানান।

শুক্রবার (২৬ জুন) বিকেল ময়নাতদন্ত শেষে বাধ্য হয়ে দূর সম্পর্কের এক চাচাতো ভাইয়ের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব জানান, নিহত অন্তর নোয়াখালীর সুবর্ণচরের চরভাটা এলাকার কার্তিক মজুমদারের ছেলে। তার মরদেহ নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানা-পুলিশের মাধ্যমে স্বজনদের সাথে যোগাযোগ করা হলেও তারা নিতে রাজি হননি। শেষ পর্যন্ত স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় নিহতের দূর সম্পর্কের চাচাতো ভাই টিটু মজুমদারকে এনে তার কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এর আগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, গণপিটুনিতে অন্তরের মৃত্যুর ঘটনায় এসআই আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রায়পুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

গত বৃহস্পতিবার সকালে রায়পুর পৌর শহরের একটি ফ্ল্যাটে শাহিনুর বেগম ও তার তিন মেয়ে সায়মা, নাফিসা ও ফাতেমাকে কুপিয়ে হত্যা করে অন্তর মজুমদার। ঘটনার পরপরই স্থানীয় ক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভ বিরাজ করছে।