মৌসুম শুরু হলেও ‘ইলিশের বাড়ি’ খ্যাত চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে ইলিশের দেখা মিলছে না। আমদানি কম থাকায় আড়তগুলো এখন অনেকটাই ফাঁকা। স্বল্প পরিমাণে যা মাছ আসছে, তার দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে।
শুক্রবার (২৬ জুন) ঘাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, বর্তমানে প্রতি কেজি ইলিশের দাম প্রকারভেদে ২৮০০ থেকে ৩০০০ টাকা পর্যন্ত উঠেছে। গত বছরের তুলনায় এই দাম প্রায় দ্বিগুণ। স্থানীয় ক্রেতা আরিফ ও হাসান জানান, সুস্বাদু ইলিশের আশায় ঘাটে এলেও আকাশচুম্বী দাম দেখে হতাশ হয়ে ফিরতে হচ্ছে তাদের।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী শবেবরাত সরকার জানান, সারা দিনে ঘাটে মাত্র ৫-৭ মণ ইলিশ এসেছে, যা মূলত স্থানীয় নদীর মাছ। সাগর ও উপকূলীয় নদ-নদী থেকেও জেলেরা খালি হাতে ফিরছেন। মাছ কম পাওয়ার প্রধান কারণ হিসেবে জলোচ্ছ্বাস ও পর্যাপ্ত বৃষ্টির অভাবকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ইলিশের সংকটের পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছেন: জলবায়ু পরিবর্তন: পর্যাপ্ত বৃষ্টির অভাব এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি। প্রাকৃতিক বাধা: মেঘনার মোহনায় বালুচর জেগে ওঠায় ইলিশের স্বাভাবিক চলাচলের পথ সংকুচিত হওয়া।পরিবেশগত সমস্যা: পানি দূষণ, অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং উজানে বাঁধের কারণে নদীর প্রবাহ ও লবণাক্ততার ভারসাম্য নষ্ট হওয়া।
মৎস্য কর্মকর্তারা আশা করছেন, বৃষ্টিপাত বাড়লে এবং নদীতে পানির প্রবাহ স্বাভাবিক হলে ইলিশের ঝাঁক ধরা পড়বে এবং বাজারে দাম কমে আসবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!