ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রাজৌরিতে চলমান সন্ত্রাসবিরোধী অভিযানে গিয়ে পা পিছলে গভীর খাদে পড়ে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট নিহত হয়েছেন।

গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় দুর্গম পাহাড়ি এলাকায় দায়িত্ব পালনকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই সেনা কর্মকর্তার নাম লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী। তিনি দেশটির সেনাবাহিনীর বিশেষ উইং ‘হোয়াইট নাইট কর্পস’-এ মোতায়েন ছিলেন।

সেনা সূত্র জানায়, জম্মু ও কাশ্মিরের রাজৌরিতে ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন শেরওয়ালি’ নামের একটি সন্ত্রাসবিরোধী অভিযান চলছে। গতকাল ছিল এই অভিযানের ১৬তম দিন। অভিযান চলাকালে লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী একটি খাড়া পাহাড়ের ওপর অবস্থান করছিলেন। পাহাড়ের কিনারে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ তার পা পিছলে যায় এবং তিনি পাশের গভীর খাদে পড়ে যান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করতে উদ্ধারকারী দল দ্রুত কাজ শুরু করে। তবে খাদের গভীরতা ও পাথুরে ভূমির কারণে গুরুতর আহত হয়ে উদ্ধার করার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তরুণ এই সেনা কর্মকর্তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় তারা লিখেছে:

“প্রতিকূল আবহাওয়া, খাড়া পাহাড় আর দুর্গম অঞ্চলে অপারেশনাল দায়িত্ব পালনকালে লেফটেন্যান্ট বীরেশ্বর গোস্বামী অকাল মৃত্যুবরণ করেছেন। দেশের জন্য তার এই সর্বোচ্চ আত্মত্যাগে হোয়াইট নাইট কর্পস এবং এর সকল পদমর্যাদার সেনা কর্মকর্তা গভীর শোক প্রকাশ করছেন।”

আজ রোববার (৭ জুন) তার মরদেহ জম্মুর এয়ার ফোর্স স্টেশনে নিয়ে আসা হবে এবং সেখানে সামরিক মর্যাদায় সহকর্মীরা তার প্রতি শেষ শ্রদ্ধা ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

গত মে মাসের শেষ দিকে জম্মু ও কাশ্মিরের রাজৌরির অত্যন্ত গভীর বনাঞ্চল দোরিমাল-গম্ভির মুঘালান বেল্টে এই বিশেষ অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় নিরাপত্তাবাহিনীর ধারণা, এই গহীন বনে দুই থেকে তিনজন পাকিস্তানি সশস্ত্র যোদ্ধা আত্মগোপন করে আছেন। সন্দেহভাজন এই যোদ্ধাদের আটক বা নির্মূল করতেই ‘অপারেশন শেরওয়ালি’ পরিচালনা করা হচ্ছে। ভারতীয় গোয়েন্দাদের দাবি, ওই দলটির মধ্যে ‘ফুজি’ নামে এক শীর্ষ সশস্ত্র কমান্ডারও রয়েছেন।