যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারে সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার খালিয়া গ্রামের বাসিন্দা এবং সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, সেলিম রেজা মোটরসাইকেলে করে যশোরে তার বাসা থেকে খাজুরার দিকে যাচ্ছিলেন। পথে হাশিমপুর আহার রেস্টুরেন্টের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ইছালী পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। বারোবাজার হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিও পুলিশ উদ্ধার করেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!