বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরের টঙ্গীতে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল।
গতকাল শনিবার (৬ জুন) বিকেলে টঙ্গীর কাদেরিয়া স্কুলের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে মিলগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে যুবদলের বিভিন্ন ওয়ার্ড ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুনসহ অংশগ্রহণ করেন। এ সময় তারা নবগঠিত কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে যুবদল নেতা নাজমুল হোসেন মন্ডল বলেন, “দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার চলমান আন্দোলনকে আরও বেগবান করতে যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “নতুন এই নেতৃত্বের মাধ্যমে যুবসমাজ আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হবে। দলের আদর্শ, লক্ষ্য ও রাজপথের সকল কর্মসূচি বাস্তবায়নে এই কমিটি আগামী দিনে রাজপথে কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”
এ সময় নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। নতুন এই নেতৃত্বের হাত ধরে সংগঠন আরও গতিশীল হবে এবং দেশের যেকোনো সংকটে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!