বাংলাদেশের বরেণ্য শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। শিল্পীর পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে আলোচনা করে তার শেষ বিদায়ের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় মুস্তাফা মনোয়ারের মরদেহ প্রথমে তার দীর্ঘদিনের কর্মস্থল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে প্রথম জানাজা শেষে সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
এরপর সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। শহীদ মিনারে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে তার শিক্ষকতার কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে। সেখানে সহকর্মী এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে শেষ শ্রদ্ধা জানাবেন। চারুকলায় শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানী কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
এর আগে সোমবার দুপুরে তাকওয়া মসজিদে গোসল সম্পন্ন করার পর মরদেহ তার ধানমন্ডির বাসভবনে নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহীরা তাকে শেষ শ্রদ্ধা জানান। বিকেল পর্যন্ত বাসভবনে রাখার পর মরদেহ সংরক্ষণের জন্য স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
চিত্রশিল্পী মনিরুজ্জামান জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের সুযোগ নিশ্চিত করতেই ধাপে ধাপে এই কর্মসূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিটিভি ও চারুকলা অনুষদের সঙ্গে মুস্তাফা মনোয়ারের দীর্ঘ কর্মজীবনের প্রতি সম্মান জানিয়েই সেখানে তার মরদেহ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!