টাঙ্গাইলের মধুপুরে শনিবার (৬ জুন) রাতে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করেছে র‌্যাব-১৪। এসব অভিযানে ১৫ কেজি গাঁজা, ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন এবং ৩৫ বোতল বিদেশি মদসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৪-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১৪-এর সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প মধুপুর উপজেলার বিভিন্ন এলাকায় এই পৃথক তিনটি অভিযান পরিচালনা করে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের জলছত্র (পঁচিশ মাইল) বাজার এলাকায় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন— হবিগঞ্জ জেলার সেলিম (৩৫) ও নাজমা বেগম (৪৮) এবং মৌলভীবাজার জেলার আনোয়ারা বেগম (৪৭)। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ব্যাগের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।

রাত ৯টার দিকে একই এলাকার জলছত্র জামে মসজিদের সামনে ‘প্রান্তিক সুপার’ নামের একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায় র‌্যাব। এ সময় জয়পুরহাট জেলার মো. ইয়াজদুল হক (৪৬) নামের এক ব্যক্তির হাত ব্যাগ তল্লাশি করে ৬০০ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন (Buprenorphine) ইনজেকশন উদ্ধার করা হয়। তার কাছ থেকেও একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

রাত আনুমানিক ১০টার দিকে মধুপুর থানা সংলগ্ন ব্রিজের ওপর ‘এমডি সুপার’ নামের আরেকটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় টাঙ্গাইল জেলার প্রান্ত পাল (২০) নামের এক তরুণকে আটক করে তার ব্যাগ থেকে ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করে র‌্যাব

টাঙ্গাইল র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "এই ঘটনায় মধুপুর থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।"