ঢাকা আইনজীবী ভবনের কার্যালয়ে তিন সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠেছে হুমায়ুন কবির ঢালী নামে এক আইনজীবীর বিরুদ্ধে। গত ২৮ জুন কোতোয়ালি থানা এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আবুল হাসনাত রাসেল বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতনের শিকার সাংবাদিকরা হলেন—‘আমাদের মাতৃভূমি’ পত্রিকার স্টাফ রিপোর্টার আবুল হাসনাত রাসেল, সাংবাদিক মাসুদ রানা এবং রাবেয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, মামলা পরিচালনার জন্য আইনজীবী হুমায়ুন কবির ঢালীকে বিভিন্ন সময়ে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন সাংবাদিক আবুল হাসনাত রাসেল। কিন্তু কাজ না করে আইনজীবী টাকা আত্মসাৎ করতে চাইলে বিষয়টি নিয়ে ঢাকা বার অ্যাসোসিয়েশনে অভিযোগ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দিন বিকাল ৩টার দিকে ওই আইনজীবীর কার্যালয়ে পাওনা টাকা চাইতে যান ভুক্তভোগীরা।
এ সময় আইনজীবী হুমায়ুন কবির ঢালী ও তার ৬-৭ জন সহযোগী মিলে তিন সাংবাদিককে জোরপূর্বক কক্ষে আটকে রাখেন। সাংবাদিক আবুল হাসনাত রাসেলের অভিযোগ, “আইনজীবী নিজেই আমার গলা টিপে ধরে হত্যার চেষ্টা করেন এবং তার সহযোগীরা আমাদের এলোপাথাড়ি কিল-ঘুষি মেরে জখম করেন।”
এ সময় বাধা দিতে গেলে অন্য দুই সাংবাদিক মাসুদ রানা ও রাবেয়াকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বিশেষ করে সাংবাদিক রাবেয়াকে হেনস্তা ও তার পোশাক ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর আদায় করে নেওয়া হয় যেন তারা আইনের আশ্রয় নিতে না পারেন। আহতরা পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
অভিযোগকারী সাংবাদিকরা জানান, ঘটনার পর থেকে ওই আইনজীবী তাদের নিয়মিত হুমকি দিচ্ছেন। তাদের দাবি, তারা আইনের আশ্রয় নিলে বা কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করলে তাদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জের নিকট দাখিল করা এজাহারে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এখন পর্যন্ত অভিযুক্ত আইনজীবী বা তার সহযোগীদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!