বিশ্বকাপের নকআউট পর্বের আগে বড় স্বস্তির খবর পেল আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিস্টিয়ান রোমেরো। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে তাকে মাঠে দেখা যেতে পারে।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল এই ডিফেন্ডারকে। তবে দ্রুত সেরে ওঠায় তাকে নিয়ে নতুন করে আশার আলো দেখছেন কোচ লিওনেল স্কালোনি। রোমেরোর ফেরা আর্জেন্টিনার রক্ষণভাগকে নিশ্চিতভাবেই আরও শক্তিশালী করবে।

গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে দারুণ আত্মবিশ্বাসী বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। পূর্ণ শক্তির দল নিয়ে নকআউটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে আলবিসেলেস্তেরা।

আগামী ৪ জুলাই রাউন্ড অব সিক্সটিনের হাইভোল্টেজ ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।