কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় আমির হামজা (৫) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে উপজেলার গুণধর ইউনিয়নের মোকামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হামজা মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দিলে তার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্না ও আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বিষয়টি দুঃখজনক। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।