কুয়েতে গৃহকর্মী (খাদ্দামা) হিসেবে গিয়ে কর্মস্থলে অমানবিক নির্যাতনের শিকার হওয়া আমেনা খাতুন নামে এক বাংলাদেশি নারীকে উদ্ধার করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস।
বুধবার (১ জুলাই) কুয়েত পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে দূতাবাসের নিজস্ব তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তাকে দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ থেকে কুয়েতে নারী গৃহকর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে বর্তমানে কোনো দ্বিপাক্ষিক চুক্তি বা সমঝোতা স্মারক নেই। আইনি সীমাবদ্ধতার কারণে এ ধরনের অভিবাসনপ্রত্যাশীদের নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করা দূতাবাসের পক্ষে সম্ভব নয়। তাই দূতাবাস বর্তমানে কোনো ‘নারী গৃহকর্মী ভিসা’ সত্যায়ন করছে না।
দূতাবাস গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে একটি অসাধু চক্র অবৈধভাবে কুয়েতে নারী গৃহকর্মী পাঠাচ্ছে। দালালের খপ্পরে পড়ে এসব নারীরা কুয়েতে গিয়ে বন্দিদশা, নির্যাতন ও চরম মানবিক সংকটের শিকার হচ্ছেন। গত তিন মাসে এ ধরনের সাতজন ভুক্তভোগীকে দূতাবাস উদ্ধার করে দেশে পাঠিয়েছে।
ভবিষ্যতে এ ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস। দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি হওয়ার আগ পর্যন্ত নারীদের গৃহকর্মী হিসেবে কুয়েতে না আসার অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া কোনো অসাধু চক্রের তথ্য পাওয়া মাত্রই দূতাবাস বা স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য প্রবাসীদের অনুরোধ করা হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!