সরকারের সম্প্রসারণমুখী জাতীয় বাজেট এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত সংকোচনমূলক মুদ্রানীতির মধ্যে বিদ্যমান অসামঞ্জস্য দেশের অর্থনীতিকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার (২ জুলাই) এক বিবৃতিতে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, একই সরকারের একদিকে বিপুল ঋণনির্ভর বাজেট বাস্তবায়ন এবং অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের নামে কঠোর মুদ্রানীতি গ্রহণ—এই দুই নীতির সাংঘর্ষিক অবস্থান অর্থনীতি পুনরুদ্ধারের পরিবর্তে নতুন সংকট তৈরি করবে।
জাতীয় বাজেট পাসের দিনই বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণার বিষয়টি সরকারের ভেতরে অর্থনৈতিক দর্শন ও নীতিগত সমন্বয়ের অভাবকে স্পষ্ট করে তুলেছে। ব্যারিস্টার ফুয়াদ বলেন, বর্তমান মূল্যস্ফীতি মূলত ব্যয় বৃদ্ধি ও সরবরাহ সংকটজনিত। উৎপাদন ব্যয় কমানো, সিন্ডিকেট ভাঙা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করার মতো মৌলিক উদ্যোগ না নিয়ে শুধুমাত্র সুদের হার বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়।
সরকারি নীতিগত ভুল, ব্যাংকিং খাতের অব্যবস্থাপনা, খেলাপি ঋণের উচ্চ হার এবং জ্বালানি সংকটের মতো বিষয়গুলো সমাধান না করলে কঠোর মুদ্রানীতি সাধারণ মানুষের ওপর আরও চাপ সৃষ্টি করবে।
পরিশেষে, এবি পার্টির সাধারণ সম্পাদক জনগণের জীবনযাত্রার ব্যয় কমানো, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে সরকারকে একটি সমন্বিত, বাস্তবমুখী ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!