বান্দরবানের দুর্গম রেতলাং এলাকায় কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-মূল) একটি যৌথ গোপন আস্তানার সন্ধানে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান এখনো চলমান রয়েছে। এ অবস্থায় অভিযান নিয়ে যেকোনো ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) আইএসপিআর-এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বান্দরবান রিজিয়নের আওতাধীন দুর্গম রেতলাং এলাকায় গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। সেখানে কেএনএ ও ইউপিডিএফ-মূলের একটি গোপন আস্তানা শনাক্ত করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে ওই আস্তানা ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
আভিযানিক নিরাপত্তার স্বার্থে এই মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছে আইএসপিআর। তবে অভিযান সমাপ্ত হওয়ার পর যথাসময়ে বিস্তারিত জানানো হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
আইএসপিআর-এর পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যেন এই অভিযান সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেওয়া হয় এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!