বলিউডের আলোচিত রিয়েলিটি শো ‘লক আপ’-এর আসন্ন ‘জাজমেন্ট ডে’ পর্বে ফের পুরোনো মেজাজে ধরা দিতে যাচ্ছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শো-এর আসন্ন পর্বের প্রকাশিত প্রোমোতে দেখা গেছে, অভিনেতা প্রতিযোগী রামের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং তাকে কথা বলার মাঝপথেই থামিয়ে দিয়েছেন ‘কুইন’ খ্যাত এই অভিনেত্রী।
চলতি মৌসুমে অনুষ্ঠানটি ফারাহ খান ও রিতেশ দেশমুখ সঞ্চালনা করলেও, কঙ্গনা এবার হাজির হয়েছেন ‘দর্শকের কণ্ঠ’ হয়ে। পুরো সপ্তাহের প্রতিযোগীদের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণের দায়িত্ব তার কাঁধেই। নতুন প্রোমোতে দেখা যায়, রামের পারফরম্যান্স ও আচরণ নিয়ে কঙ্গনা সরাসরি তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন।
কঙ্গনা ঝাঁজালো কণ্ঠে রামকে উদ্দেশ্য করে বলেন, “রাম যদি মন দিয়ে খেলাটা না খেলেন, আর যদি মনে হয় এই শো তার জন্য নয়, তা হলে এখানে এসেছেন কেন? আপনি কি নিজেকে বড্ড বড় ভেবে ফেলেছেন?”
কঙ্গনার এমন প্রশ্নের জবাবে রাম কাপুর পালটা বলেন, “সঠিক সময়ে আমিও আমার সত্যিটা সবার সামনে প্রকাশ করব। এখানে উপস্থিত অনেকের থেকে সেটা আমি অনেক ভালো ভাবে করতে পারি।”
তবে রামকে নিজের বক্তব্য শেষ করার সুযোগই দেননি কঙ্গনা। মাঝপথে তাকে থামিয়ে দিয়ে অভিনেত্রী কড়া ভাষায় বলেন, “যদি সত্যিই উন্নতি করতে চান, তাহলে এভাবে নিজের হয়ে সাফাই দেবেন না।”
উল্লেখ্য, শো-এর শুরু থেকেই রামের পারফরম্যান্স ও মনোভাব নিয়ে দর্শকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছিল। কঙ্গনার এই কঠোর অবস্থানে অনুষ্ঠানটিতে উত্তেজনা আরও তুঙ্গে পৌঁছেছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!