মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটিয়ে দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে টানা মিসাইল হামলা চালাচ্ছে ইরান। আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফা এবং এর ঠিক ২০ মিনিট পর, অর্থাৎ সকাল ১০টা ৩০ মিনিটে দ্বিতীয় দফায় ইসরায়েলের অভ্যন্তরে ব্যাপক মিসাইল নিক্ষেপ করে তেহরান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের নতুন এই মিসাইলগুলো মূলত ইসরায়েলের মধ্যাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর ‘বীরসীবা’ (Beersheba)-কে টার্গেট করে ছোড়া হয়েছে।

গত রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর তীব্র জবাব দিতে রোববার রাতেই ইরান থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়া হয়।

এরই ধারাবাহিকতায় আজ সোমবার ভোরে ইসরায়েল সরাসরি ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ প্রধান তিনটি শহরে পাল্টা মিসাইল হামলা চালায়। ইসরায়েলের এই আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী জোটগুলো একযোগে সক্রিয় হয়ে ওঠে।

আজ সকালে ইসরায়েলি হামলার পরপরই প্রথমে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়ে। হুতিদের এই হামলার ঠিক এক ঘণ্টার মাথায় ইরান সরাসরি তাদের ভূখণ্ড থেকে ইসরায়েলের মধ্যাঞ্চলে বড় ধরনের মিসাইল হামলা শুরু করে।

টানা এই পাল্টা-পাল্টি মিসাইল হামলার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন এক ভয়াবহ যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে এবং ইসরায়েলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। তবে এই হামলায় এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি।