ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে তেহরান সফর করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। 

শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত শোকানুষ্ঠানে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন।

শোকানুষ্ঠানে স্পিকার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সহমর্মিতা প্রকাশ করেন এবং শোক বইতে স্বাক্ষর করেন। এর আগে, স্পিকার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং দুই দেশের দীর্ঘস্থায়ী কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন।

হাফিজ উদ্দিন আহমদ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন এবং এই চুক্তি অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি ইরানের স্পিকারকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এছাড়া স্পিকার ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের কারিগরি সহায়তা এবং দুই দেশের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আলোচনা হয়।

সফরকালে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগকে দেওয়া সাক্ষাৎকারে ইরানে প্রবাসী বাংলাদেশিদের সেবার মান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বার্তা পৌঁছানোর প্রতিশ্রুতি দেন।