টাঙ্গাইলে পৃথক দুই ঘটনায় দুই শিশুর অকাল মৃত্যু হয়েছে। এর মধ্যে মধুপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাজিদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে এবং ধনবাড়ী উপজেলায় টনসিল অপারেশনের প্রস্তুতি চলাকালীন ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের শ্রীরাম কুড়িবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে সাজিদ নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সাজিদ ওই গ্রামের আয়নাল হকের সন্তান।

স্থানীয়রা জানান, ঘটনার সময় বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশুটি। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ধনবাড়ী পৌরশহরের আল-মদিনা হাসপাতালে টনসিল অপারেশনের প্রস্তুতিকালে ইনজেকশন দেওয়ার পর চাদনী (৯) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত চাদনী ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়নের সয়া গ্রামের আপনের মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, ১৩ হাজার টাকায় টনসিল অপারেশনের জন্য হাসপাতালের সঙ্গে চুক্তি হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অপারেশনের জন্য তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর একটি ইনজেকশন পুশ করা হয়। ইনজেকশন দেওয়ার পরপরই শিশুটি নিস্তেজ হয়ে পড়ে। পরে উন্নত চিকিৎসার কথা বলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সরিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে আল-মদিনা হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক রয়েছে এবং হাসপাতালটিতে তালা ঝুলছে। এ বিষয়ে বক্তব্য নিতে হাসপাতাল কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করছে।