জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত জাতীয় সম্মেলনে শহীদ পরিবারের সদস্যদের স্মৃতিচারণ ও আকুতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সন্তানদের আত্মত্যাগের করুণ বর্ণনা শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’ ও স্মরণসভার আয়োজন করা হয়। ‘৩৬ জুলাই’ অর্থাৎ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে প্রাণ হারানো বেশ কয়েকজন শহীদের পরিবারের সদস্যরা মঞ্চে এসে তাদের সন্তান ও স্বজনদের হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এ সময় এক শহীদ জননী তার সন্তানের আত্মত্যাগের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লে পুরো মিলনায়তনে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

মায়ের সেই হৃদয়স্পর্শী বক্তব্য ও কান্না দেখে উপস্থিত দর্শক-শ্রোতারাও আবেগ ধরে রাখতে পারেননি। সামনের সারিতে বসা প্রধানমন্ত্রী তারেক রহমানও অশ্রু ধরে রাখতে পারেননি। সন্তানের আত্মত্যাগের কথা শুনে প্রধানমন্ত্রীর দুচোখ বেয়ে পানি পড়তে দেখা যায়। তিনি বেশ কিছুক্ষণ আবেগাপ্লুত ছিলেন।

দেশ গড়ার লড়াইয়ে শহীদের এই আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন অংশগ্রহণকারীরা। তারা বলেন, জুলাইয়ের এই রক্তঝরা ইতিহাস জাতি কখনোই ভুলবে না।