স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিকে শুধু বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে। তিনি বলেন, “যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে, সেখানেই চাকরিচ্যুতি। বদলিতে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সঙ্গে।”

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, “দুর্নীতি ও ঘুষ বাণিজ্যকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। ফ্যামিলি প্ল্যানিং সেন্টারগুলোর সেবার মানও উন্নত করা হবে।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যখাতে এ বছরেই আমরা একটি বিপ্লবের সূচনা করতে চাই। জনগণের উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যাতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।”

সাখাওয়াত হোসেন বর্তমান বাজেটকে ‘আদর্শের বাজেট’ হিসেবে অভিহিত করে বলেন, “এই বাজেটের প্রতিটি লক্ষ্য ও আদর্শ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।”

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এছাড়া নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।