ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নামলেও, সেখানে অনুপস্থিত রয়েছেন তার ছেলে এবং বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনি। এমন গুরুত্বপূর্ণ সময়ে তার অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন জল্পনা-কল্পনা।

জর্জটাউন ইউনিভার্সিটি অব কাতারের সহযোগী প্রফেসর পল মুসগ্রাভ আলজাজিরাকে জানিয়েছেন, এই অনুপস্থিতির কারণটি খুবই সহজবোধ্য। তার মতে, ইরান আশঙ্কা করছে যে, এই অন্ত্যেষ্টিক্রিয়ায় ইসরায়েল বড় ধরনের কোনো হামলা চালাতে পারে। তিনি বলেন, “অতীতে ইরান নিজেই বিভিন্ন জানাজাকে রাজনৈতিক নেতাদের হত্যার সুযোগ হিসেবে ব্যবহার করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে নেতৃবৃন্দের নিরাপত্তা নিয়ে ইরান অত্যন্ত সতর্ক।”

তবে পল মুসগ্রাভ একইসঙ্গে মনে করেন, রাষ্ট্রের শীর্ষ নেতার জনসম্মুখে আসা জরুরি। তিনি উল্লেখ করেন, মোজতবাকে গত কয়েক মাস ধরে জনসমক্ষে দেখা যায়নি। মুসগ্রাভ বলেন, “ইরানকে এমন একটি উপায় বের করতে হবে যাতে এটি প্রমাণিত হয় যে তাদের সুপ্রিম লিডার আড়ালে থাকা কোনো ব্যক্তি নন, বরং তিনিই দেশের প্রকৃত দায়িত্বে রয়েছেন। নিরাপত্তার শঙ্কা অমূলক না হলেও, তাদের জন্য সুপ্রিম লিডারকে প্রকাশ্যে আনা জরুরি।”

উল্লেখ্য যে, শুক্রবার বিদেশি অতিথিদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে খামেনির শেষ বিদায় জানানোর প্রক্রিয়া শুরু হয়। আজ শনিবার (৪ জুলাই) তার মরদেহবাহী কফিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন।