বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সেই লড়াইয়ের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল ব্রাজিল শিবির। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আরলিং হালান্ডের দলের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারবেন না তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) বরাতে জানা গেছে, শেষ বত্রিশের রাউন্ডে জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন পাকেতা। সেই ম্যাচে প্রথমার্ধ খেললেও বিরতির পর আর মাঠে নামতে পারেননি তিনি। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। সিবিএফের সূত্র মতে, ব্রাজিল ফাইনালে পৌঁছাতে না পারলে এবারের বিশ্বকাপে পাকেতার আর মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
পাকেতার অনুপস্থিতি ব্রাজিলের মাঝমাঠের জন্য বড় শূন্যতা তৈরি করেছে। কোচ কার্লো আনচেলত্তি এখন বিকল্প হিসেবে দানিলো সান্তোসকে বিবেচনা করতে পারেন। এছাড়া কৌশলে পরিবর্তন এনে এন্দ্রিক বা গাব্রিয়েল মার্তিনেল্লির মতো আক্রমণাত্মক খেলোয়াড়দের একাদশে অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও রয়েছে।
এদিকে দলের আরেক ফরোয়ার্ড রাফিনিয়া ঊরুর চোট কাটিয়ে উন্নতির দিকে রয়েছেন। হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে আছেন। বর্তমানে ব্যক্তিগত অনুশীলন চালিয়ে যাওয়া এই ফরোয়ার্ডকে নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে বদলি বেঞ্চে দেখা যেতে পারে।
উল্লেখ্য, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে আগামীকাল রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নরওয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!