গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিতে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
শনিবার (৪ জুলাই) বিকেলে রাজধানীর দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম।
লিখিত বক্তব্যে সারজিস আলম বলেন, হাজারো শহীদের আত্মত্যাগ ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। এই মাসকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “এনসিপি বিশ্বাস করে, জুলাই কেবল একটি মাস নয়; এটি আত্মত্যাগ, গণআকাঙ্ক্ষা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতীক।” কর্মসূচির মূল লক্ষ্য হলো শহীদদের অবদান স্মরণ করা, নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের আকাঙ্ক্ষা পৌঁছে দেওয়া এবং দেশ গঠনের অঙ্গীকারকে সুদৃঢ় করা।
আগামী ৬ জুলাই থেকে শুরু হওয়া এই পদযাত্রায় দলের শীর্ষ নেতৃত্ব উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে একযোগে অংশগ্রহণ করবেন। এনসিপির পক্ষ থেকে দেশের তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবীসহ সর্বস্তরের মানুষকে এই পদযাত্রায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!