ঢাকার ধামরাইয়ে সাত বছর বয়সী এক শিশুকে চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) বিকেলে উপজেলার কুল্লা ইউনিয়নের দক্ষিণ কুশিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার রুবেল ওই এলাকার বাসিন্দা এবং পেশায় অটোরিকশাচালক।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে শিশুটি বাড়ির পাশের এলাকায় খেলাধুলা করছিল। এ সময় রুবেল তাকে চানাচুর কিনে দেওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে শিশুটির সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে।

শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।