নাটোরের গুরুদাসপুরে নাশকতা ও বিস্ফোরক দ্রব্যের একটি মামলায় পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার গভীর রাতে পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডের চাঁচকৈড় কাঁচারী পাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সবুজ ওই এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে। সোমবার দুপুরে তাঁকে আদালতে প্রেরণের উদ্দেশ্যে থানা থেকে বের করার সময় থানা ফটকের সামনে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিতে দেখা যায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, পৌর যুবলীগ নেতা রেজাউল করিম সবুজ একটি নাশকতা ও বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত (গ্রেফতারি পরোয়ানা) আসামি ছিলেন। মামলা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন যাবত আত্মগোপনে ছিলেন। গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ওসি আরও জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার দুপুরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুবলীগ নেতাকে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।